ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে এতে আগুন ধরে যায়। এ সময় বাসটির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসে আগুন ছড়িয়ে পড়লে চারজন দগ্ধ হয়ে মারা যান এবং অন্তত ৩০ জন আহত হন।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে বানিয়াপাড়া থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিট, হাইওয়ে পুলিশ এবং কুমিল্লার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।