প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম (ভিজিট : ৪৪)

X
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথরোধ করে। দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লালের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন মো. নাজিম মিয়া (২৫), জাকির হোসেন (৩২), মো. দেলোয়ার হোসেন (২৯) ও জুবের আহমদ জুবলা (৩০)। তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানান।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেপ্তারে অভিযান চলছে।