প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম (ভিজিট : ৬০)

X
গাজীপুর সিটি কর্পোরেশনের সালনার কাথোরা এলাকায় এক ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আব্দুল আউয়াল মিয়ার মালিকানাধীন বাসা বাড়িতে অবস্থিত একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মূহুর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৷
আগুনের তীব্রতা বাড়লে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আরো দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন আশেপাশের টিন শেডের বসত বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই দুপুর সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, দুপুর সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিকাল পৌনে ৩টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিলো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।