প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম (ভিজিট : ১১৯)

X
পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধুজব্দ করে তা জনসন্মুখে ধব্বংস করেছে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউপি'র দুধবাড়িয়া গ্রামের মৃত আঃসামাদ কেরানীর বাড়ির মোড় চত্বরে।
ঘটনার সূত্রে জানা গেছে, চিনি, ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন রমজান আলী নামে এক মধু ব্যবসায়ী।
মঙ্গলবার ভোরে এলাকাবাসী সংবাদ পেয়ে ৫০-৫৫কেজি ধারণ ক্ষমতার ৪১ঢোপ অর্থাৎ প্রায় ৫১ মন নকল মধুসহ ওই ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মধু জব্দ করেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিহৃিত ভেজাল মধু ব্যবসায়ী রমজান আলী পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।ইতি পূর্বেও রমজান আলী নকল মধুসহ পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন।
এলাকাবাসী আরও জানান, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা রমজান আলী মৌমাছি চাষের সঙ্গে জড়িত। মূলত তিনি মৌচাষকে কেন্দ্র করে নকল মধু তৈরি করে বাজারজাত করেন। চিনি ও ফিটকিরিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তিনি মধু তৈরি করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাত ৫টার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে মৌমাছি খামারের পাশে ১ মেট্রিক টন মধু বাজারজাত করার উদ্দেশ্যে মধু তৈরি শুরু করে রমজান আলী।
পরে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ হাজার ৫০ কেজি নকল মধুসহ রমজান আলীকে আটক করে।পরে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ও প্রশাসন পৌঁছনোর আগে রমজান আলী পালিয়ে যান। পরে প্রশাসন রমজান আলীকে না পেয়ে মধু একটি খালে ঢেলে দেন এবং খালি ড্রাম স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনকে এতিমখানা মাদরাসায় দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, ‘রমজান আলী দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছেন। এলাকাবাসীর সচেতনতায় তিনি ধরা পড়েছেন।ভবিষ্যতে তিনি এ কাজ করতে না পারেন তার ব্যবস্থা নেওয়া উচিত।’
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা নকল মধু তৈরিকারী রমজান আলীর নাম বললেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে শাস্তি দেওয়া যায়নি। তবে পুলিশকে তার ওপর নজর রাখতে বলা হয়েছে।’