প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৭ এএম (ভিজিট : ৫১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
তিনি বলেছেন, ‘এবার যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, প্রস্তুতি নিয়ে যাবেন। আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিবেন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনও অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আয়োজিত সদর উপজেলার সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সভায় রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম নির্বাচনের সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোন ভোট কেন্দ্রে যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।