প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ৮৫)

X
দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।
আজ বুধবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও দপ্তর সম্পাদক এনামুল হক।
বক্তারা বলেন, একজন সাংবাদিকের বাসভবনে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁর বাড়ির সামনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে গেলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বাবু ইসলাম, জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, সহসভাপতি হীরক গুন, যুগ্ম সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সহসভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।