প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:২০ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৪:৩১ পিএম (ভিজিট : ১৩০)

X
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী এড: আব্দুল্লাহ আল আমিনের উপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকার বাসিন্দা সিদ্দিকের ছেলে আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন (২৪)।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আল আমিন। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে ঘটনার সাথে জড়িত আলামিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।
আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।
চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে বলেন, এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে।
এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন।