প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৯ পিএম (ভিজিট : ৩৪২)

X
নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসিন্দা খাদিজা (২৮) ও তার মেয়ে ফাতেমা (১৩)।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, সাপাহার উপজেলা থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকের পাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে পড়ে গেলে তাতে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকটিতে হামলা চালিয়ে সামনের কাচ ভেঙে দেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।