প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম (ভিজিট : ১২৪)

X
ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সুগন্ধা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিলুফা ইয়াসমিন সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে নদীর পাড়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
নিলুফা ইয়াসমিন ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকার পরিচিত মুখ। তিনি স্থানীয় বাসিন্দা ইলিয়াসের মা।
এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের অভিযোগ, মরদেহ উদ্ধারের সময় নিলুফা ইয়াসমিনের নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। পাশাপাশি পানিতে পড়ে মৃত্যুর ক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা অস্বাভাবিক বলেও তারা সন্দেহ প্রকাশ করেছেন। এ ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।