প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৪:৫৯ পিএম (ভিজিট : ১৩৮)

X
নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৩২) নামে জেল পলাতক এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স-মিলের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত অপু আহমেদ মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। নিহত অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৮ থেকে ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ এর জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান অপু আহমেদ। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অপু আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা স-মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মুখমণ্ডল শনাক্ত করে মরদেহটি অপু আহমেদের বলে নিশ্চিত করা হয়।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।