প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : ১৭৭)

X
বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,জেলা বিএনপির উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, দেশের প্রেক্ষাপটে অভিযোগ সবসময়ই ছিল। বিগত ৫৪ বছরে কোনো সরকার অভিযোগ ছাড়া ছিল না। অনুরূপভাবে সমাজ ও পরিবারেও অভিযোগ থাকে।
মূলত যদি সবাই চায় নির্বাচন হউক তাহলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করা যেতে পারে। তার জন্য আন্দোলন করার কথা না। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় ঘুরে বসে আন্দোলন করা, সতর্ক করা সমীচীন নয়। কারণ নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। নিরপেক্ষ কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েই তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের রুটি গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তিনি বলেন, বিগত ১৫/১৬ বছরে দেশের সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকিকরণ করে ধ্বংস করা হয়েছে। তা একদিনে শেষ করা যাবে না। তবে যেটা দেখা যাচ্ছে ভোটার তালিকা প্রস্তুত করাসহ প্রবাসীদের ভোটের আওতায় নিয়ে আসা একটা বড় উদ্যোগ। কিছু ভুল ত্রুটি হয়েছিল সেগুলো বিএনপি'র পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
রুটি গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠানে ধরখার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে, এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী,জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, ধরখার ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ হুমায়ন কবীর জীবন,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো,জালাল উদ্দিন সহ আরও অনেকে।