আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি লাকসাম-মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়ক কুমিল্লা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মো. শহীদ উল্ল্যাহ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফয়সাল রাব্বি।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা কাজ করবো। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা চালিয়ে যাবো। আমাদের মধ্যে কোনো হিংসাত্মক মনোভাব নেই।”
তিনি আরও বলেন,“আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে নিজেকে নিবেদিত করবো—ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভার শেষে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দীকি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,“আমরা শান্তি ও সম্প্রীতির একটি সুন্দর বাংলাদেশ চাই। হানাহানির রাজনীতি আমরা কখনো পছন্দ করি না। আগামী দিনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবো—ইনশাআল্লাহ।”