প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ১৮৩)

X
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা ধানের শীষের পাশাপাশি খেজুর গাছকেও সঙ্গে নিয়ে আসব। সবাই ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটায় আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান জনসভায় মুফতি মনির হোসাইন কাসেমীর হাত তুলে বলেন, একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, আমাদের সঙ্গে আমাদের এক ভাই আছেন। ধানের শীষের সঙ্গে খেজুর গাছ। তিনি সব সময় আমাদের আন্দোলন-সংগ্রামে ছিলেন। কাজেই তাকে পাশে রাখা আমাদের কর্তব্য। ঠিক আছে? ইনশাআল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়া জনসভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।