
X
প্রধানমন্ত্রী তারেক রহমান
সুখে-দুঃখে দেশের মানুষের পাশে থাকা এই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই এই সরকারের দায়িত্ব হচ্ছে, দেশের মানুষের পাশে থাকা, এই দেশের মানুষকে দেখে রাখা।
এই সরকারের দায়িত্ব হচ্ছে, দেশের মা-বোনদের পাশে থাকা, সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া, তরুণ, যুবক—নারী হোক বা পুরুষ হোক—তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
রোববার (৯ আগস্ট) মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, কিছু দিন আগে এই এলাকায় বন্যা ও অতিবৃষ্টির কারণে বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে আজ আমরা ১০০ গরিব-দুস্থ পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দিতে পেরেছি। এ ছাড়া আরও অনেক দুস্থ মানুষকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুস্থ নারীদেরও চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আমরা বলেছিলাম, জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠনে সক্ষম হয়, তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। এর মধ্যে ছিল মায়েদের ও নারীদের সহযোগিতার জন্য ফ্যামেলি কার্ড দেওয়া। আমরা বলেছিলাম, ঘরে ঘরে ফ্যামেলি কার্ড পৌঁছাব।
আপনারা দেখেছেন, সরকার গঠনের এক মাসের মধ্যে আমরা ফ্যামেলি কার্ডের পাইলট প্রজেক্টে হাত দিয়েছিলাম। পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে। এই মাসের ১৬ তারিখ থেকে আমরা ফ্যামেলি কার্ডের কাজ শুরু করছি।
২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেওয়া হবে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই উপজেলায় ১০ থেকে ১২ হাজার পরিবারের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেব। এটি চার বছর ধরে চলবে এবং আরও অনেক মা-বোন এর আওতায় আসবে।
ফ্যামেলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লবণ চাষি ভাইদের হাতেও কৃষক কার্ড পৌঁছে দেব। আলোচনা করে আমরা লবণের মূল্য নির্ধারণ করেছি। যে মূল্য পেলে লবণ চাষি ভাইয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
আগামী কিছু দিনের মধ্যে লবণের সে দাম আমরা জানিয়ে দেব। যার ফলে লবণ চাষি ভাইদের আগের মতো কষ্ট পোহাতে হবে না।