প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম (ভিজিট : ৯১)

X
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সাহিল জামান (১২) নামে এক বাংলাদেশি স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত সাহিল জামান রাস আল খাইমাহ প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ জামান স্বপন ও নারী উদ্যোক্তা নাজমুন নাহার বাবলি দম্পতির দ্বিতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে সাহিল তার বাবা-মা ও বোনসহ নিজস্ব গাড়িতে দুবাই থেকে তাদের বাসস্থান রাস আল খাইমাহ ফিরছিল। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে স্বপন দম্পতি ও তাদের কন্যা আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ হয়ে ওঠেন।
তবে সাহিল মাথায় গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞাহীন অবস্থায় উম্ম আল কোয়াইন শেখ খালিফা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
সাহিলের অকাল মৃত্যুতে পরিবারটি গভীর শোকাহত। নিহতের মরদেহ বর্তমানে উম্ম আল কোয়াইন শেখ খালিফা হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে।
এদিকে সাহিল জামানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।