প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ৩৩)

X
ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে বাদল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযান পরিচালনা করেছে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশ।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির বসতবাড়ি থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুইটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনা সূত্র জানায়, বাদল সরকার দীর্ঘদিন ধরে ডুমাইন এলাকায় এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “বাদল সরকারের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র সংক্রান্ত মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।”
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাধারণ জনগণকে এ ধরনের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।