প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম (ভিজিট : ৪৭)

X
জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ। হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নগরীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র-জনতা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ এলাকায় জড়ো হন ছাত্র-জনতা। সেখান থেকে শুরু হওয়া মিছিলটি ওয়াসা, দামপাড়া ও জিইসি মোড় অতিক্রম করে ২ নম্বর গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে মিছিলকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।
মিছিল চলাকালে ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘আপোষ না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদী—আজাদী আজাদী’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা স্লোগানে আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন স্তরের ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে মিছিলটি একটি শক্তিশালী প্রতিবাদে রূপ নেয়।