প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম (ভিজিট : ১৫৪)

X
বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত কর্মসূচির এবারের প্রতিপাদ্য ছিল— “কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা।”
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ-এর যৌথ আয়োজনে সকালে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভ্রান্ত ধারণা দূর করা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ সৌরভ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, কুষ্ঠরোগ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ হলেও সামাজিক কুসংস্কার ও ভুল ধারণার কারণে এখনও অনেক মানুষ চিকিৎসা গ্রহণে পিছিয়ে রয়েছেন। কুষ্ঠরোগীদের প্রতি অবহেলা নয়, বরং মানবিক আচরণ ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে কুষ্ঠরোগ প্রতিরোধে নিয়মিত প্রচার-প্রচারণা এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।