প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম (ভিজিট : ১৫৮)

X
শিক্ষার মান উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অবস্থিত কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি।
রোববার (২৫ জানুয়ারি) সকালে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান যাচাই, শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন কার্যক্রম তদারকি করা।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা ও ঝরে পড়া রোধে নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের জানাতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, অনুপস্থিত শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে হোম ভিজিট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী, নাজমা সিদ্দিকী, জয়নাব বাহার, সিদুল শর্মা, এহেছানুক হক, এহেছান আল মামুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, শিক্ষা বোর্ডের এমন তদারকি ও দিকনির্দেশনা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।