প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:১৮ পিএম (ভিজিট : ৮১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফ-উজ-জামান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহতাব উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ সেক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ অংশগ্রহণ করে ভোটগ্রহণ সংক্রান্ত আইন, দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
জানা গেছে, মুকসুদপুর উপজেলার মোট ৯৬টি ভোটকেন্দ্রের জন্য ১০৫ জন প্রিজাইডিং অফিসার, ৬১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১১৬ জন পোলিং অফিসার এই প্রশিক্ষণে অংশ নেন।