মুন্সীগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মই দেশের মূল শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়েই দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া সম্ভব।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারে গণসংযোগকালে তিনি বলেন, তরুণদের মাদকমুক্ত রাখা, ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করা এবং নৈতিক মূল্যবোধে গড়ে তোলা তার রাজনৈতিক অঙ্গীকার। তিনি মনে করেন, ডিজিটাল শিক্ষা, নৈতিক শিক্ষা ও তরুণদের সম্মিলিত শক্তি দেশের পরিবর্তনের প্রধান হাতিয়ার।
মাজেদুল ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলো জুলাই আন্দোলনের পক্ষের শক্তি। তিনি ভোটারদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে নতুন রাজনৈতিক ধারার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরা ও নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, সহ সমন্বয়ক মাওলানা আব্দুল বারী, উপজেলা আমির ও নির্বাচন কমিটির সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, বেতকা ইউনিয়ন সভাপতি আবু হানিফ সরকার, উপজেলা এনসিপি সমন্বয়ক ইশতিয়াক, জেলা ছাত্র শক্তি আহ্বায়ক মো. শিশিরসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।