
X
প্রায় ২০ বছরেরও বেশী সময় পর মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে চলছে প্রস্তুতি সভা, মিছিল এবং জনসভা সফল করতে সাংগঠনিক তৎপরতা।
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে গাজীপুরের নেতা কর্মীদের মধ্যে উৎসব উদযাপনা বিরাজ করছে।
তিনি জানান, এদিন তারেক রহমান প্রথমে ময়মনসিংহ যাবেন। এরপর গাজীপুরের কর্মসূচিতে যোগদান করবেন।
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরে আসছেন। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া ।
ওই প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ছিলেন ওই প্রতিনিধি সভার সমন্বয়কারী।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজবাড়ী মাঠে তারেক রহমানের জনসভাকে সফল করার জন্য সোমবার বিকেলে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।
তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
এরআগে গত কয়েকদিন ধরেই গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছেন।
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা আয়োজন দলীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।
সোমবার ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শেন ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননি প্রমুখ।