প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম (ভিজিট : ১৪৫)

X
শেরপুরের জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জুডিশিয়াল অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জামায়াত নেতা রেজাউল করিমের নিহতের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরানোর দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
এর আগে, গতকাল বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন।
পরে স্থানীয় লোকজন রেজাউল করিমসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।