প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : ১০৯)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১১ হাজার ১২৪ জন ভোটার। এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং কারাগারের বন্দি হিসেবে রয়েছেন মোট ৮ হাজার ২৪৬ জন এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন ২ হাজার ৮৭৮ জন। আর শুধু কারাগারে রয়েছেন ৪১ বন্দী।
আসন ভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে রয়েছেন ২ হাজার ৭৯৫ জন। নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে রয়েছেন ৩ হাজার ৩৪৩ জন। নাটোর-৩ (সিংড়া) আসনে রয়েছেন ২ হাজার ১০৪ জন। নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে রয়েছেন ২ হাজার ৮৮২ জন ভোটার।
নাটোর-২ আসনের ভোটার কানাডা প্রবাসী সৈয়দ মিল্টন রেজা বলেন, প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে গণভোটে ভোট দেওয়া যাবে। দেশের গণতন্ত্র এবং রাষ্ট্রীয় সংস্কারে মতামত প্রদানের সুযোগ পাওয়া গৌরবের। এই উদ্যোগ গ্রহণ করায় বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
নাটোর-৪ আসনে সৌদি প্রবাসী মাহাবুবুল আলম রেজা বলেন, প্রবাসে রাত-দিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে। দীর্ঘ ১২ বছর থেকে সৌদিতে আছি। এবার ভোট দিতে পারবো বলে মনে অনেক শান্তি অনুভব করছি।
জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম বলেন, নিবন্ধিত ভোটারবৃন্দের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্যে প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্যে গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন। পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানা সম্বলিত খামে মুখ বন্ধ করে ভোটারেরা ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দপ্তরে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।