প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম (ভিজিট : ১১০)

X
রাউজানের বিভিন্নস্থানে চলছে কৃষিজমি ও পাহাড় টিলা ভুমি থেকে মাটি কেটে নিয়ে সরবরাহ ব্যবসা। এমন পরিবেশ পরিস্থিতিতে প্রতিদিন উদ্বেগজনক হারে কমছে কৃষিজমি। পাহাড় টিলা ভুমি হয়ে যাচ্ছে সমতল। এমন উদ্বেগজন পরিস্থিতিতে এসব তৎপরতা বন্ধে অভিযানে নেমেছে উপজেলার প্রশাসন।
গত রোববার (১ ফেব্রুয়ারি) প্রশাসন যৌথ বাহিনীকে সাথে নিয়ে কয়েকটি স্থানে দিনব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। অভিযান চালিয়েছেন চালিয়েছেন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরীসহ উপজেলার বিনাজুরী ইউনিয়ন ও সদর ইউনিয়নে। এদিন অভিযানে ৬টি স্থান থেকে মাটি কাটার চারটি খনন যন্ত্র(ভেকু) জব্দ করে। মাটি কাটার সাথে চারজনকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের পাঁচ আগস্ট পরিবর্তী সময় থেকে উপজেলার ও পৌর এলাকার বিভিন্ন জায়গার পাহাড়,টিলা ও কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্নস্থানে সরবরাহ ব্যবসা শুরু করেছে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মী। দল উপদলে বিভক্ত হয়ে মাটির ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে চলে আসছিল খুনাখুনি। দলীয় নেতৃবৃন্দ এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে বার বার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে আসছিলেন প্রশাসনের প্রতি। প্রশাসন এতদিন অভিযান চালিয়েছিলেন দায় সাড়া ভুমিকায়। সর্বশেষ গত রোববার একদিনে কয়েকটি এলাকায় সফল অভিযান পরিচালনা করায় এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই ধরণের কার্যকর অভিযান অব্যাহত রাখা হবে বলে আশা প্রকাশ করছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, প্রশাসনের নানামুখি কাজের চাপে এসব অপতৎপরতার বিরুদ্ধে অভিযান জোড়ালে করা যায়নি। “যারা পাহাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রি করে চাষযোগ্য ফসলি জমি উজাড় ও পাহাড় টিলা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে অভিযান অভিযান জোরদার করা হবে। রোববারের অভিযান পরিচালনা করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায়। সারা দিনের অভিযানে ছয়টি স্থানে অভিযান চালিয়ে মাটি কাটার চারটি ভেকু জব্দ করার পাশাপাশি ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।