প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ১৩৩)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব উপস্থাপন করতে হবে প্রার্থীকে। অভিযোগে বর্ণবাদী ও নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে নিয়ম লঙ্ঘনের কথা বলা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া হারুন মার্কেট চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষী, নারীবিদ্বেষী ও মানহানিকর মন্তব্য করেন—এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সঙ্গে সংযুক্ত একটি কিউআর কোডের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫-এর ১৫(ক) ধারায় নির্বাচনী প্রচারণাকালে অশালীন, আক্রমণাত্মক কিংবা ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য প্রদান নিষিদ্ধ। অভিযোগ অনুযায়ী, শাহজাহান চৌধুরীর বক্তব্য ওই বিধির লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত সংশ্লিষ্ট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যাখ্যা না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, নোটিশটি দ্রুত জারির নির্দেশ দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অভিযোগ সম্পর্কে মন্তব্য জানতে চেয়ে শাহজাহান চৌধুরীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে তিনি দেখলেও কোনো উত্তর দেননি।