প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ৪৮৪)

X
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষণা ও এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পূর্ণ দিবস কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনের কর্মচারীরা নিজ নিজ দপ্তর থেকে বেরিয়ে এসে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় তারা কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।
বিক্ষোভ ও সমাবেশ
কর্মবিরতি চলাকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে বর্তমান বেতন কাঠামো একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বাড়লেও বেতন না বাড়ায় সাধারণ কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
সমাবেশে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
●অবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন।
●পে-স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান।
●সকল স্তরে বৈষম্য নিরসন করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল।
●সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তরগুলোর পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতকরণ।
বক্তাদের বক্তব্য
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুততম সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"
বিক্ষোভ মিছিলে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কয়েকশ কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতির কারণে এদিন সরকারি অনেক দপ্তরে দাপ্তরিক কাজে স্থবিরতা লক্ষ্য করা গেছে, যা সাধারণ সেবাগ্রহীতাদের কিছুটা ভোগান্তিতে ফেলেছে। তবে কর্মচারীরা জানান, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই তারা এই আন্দোলনে নেমেছেন।