প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম আপডেট: ০৫.০২.২০২৬ ১১:২০ এএম (ভিজিট : ১৪৪)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার (৪ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সদর উপজেলার লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং উলপুর মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি, ভোটার প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দিক পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ভোটগ্রহণের দিন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় গৃহীত ব্যবস্থাগুলোও সরেজমিনে খতিয়ে দেখা হয়।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং, তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।