প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম (ভিজিট : ৪৭২)

X
কক্সবাজারের ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হল মিলনায়তনে এ বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হাজেরা-নুর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ব্যারিস্টার নুরুল আজিম। তিনি বলেন, “শিক্ষা কোনো অনুগ্রহ নয়; এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার। যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না।”
তিনি আরও বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে ও সমাজকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ। পাশাপাশি শিক্ষকদের সম্মান না করলে শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হাজেরা-নুর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী এবং গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯টি মাদরাসা ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১২৭ জন শিক্ষার্থী হাজেরা-নুর মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে। মাত্র ৫০ টাকা ফিতে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে জয়নাল আবেদীন, মাওলানা নুরুল ইসলাম ও মিন্নুনাহারসহ তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।