প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ পিএম (ভিজিট : ৮২)

X
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাক হওয়া ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকদের কাছে বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করা হচ্ছে বলে জানা গেছে।
নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধির হোয়াটসঅ্যাপ নম্বরে অধ্যাপক জামাল উদ্দিনের ব্যবহৃত নম্বর থেকে টাকা চেয়ে একটি বার্তা যায়। বার্তায় লেখা ছিল— “আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? কালকে ফেরত দিয়ে দিব।”
বিষয়টি নিয়ে নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি যোগাযোগ করা হলে অধ্যাপক জামাল উদ্দিন জানান, তার হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। তিনি বলেন, “আমার নম্বর থেকে আরও অনেকের কাছে একইভাবে টাকা চাওয়ার বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি আমি জানতে পেরেছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তার নম্বর থেকে কোনো ধরনের আর্থিক লেনদেনের অনুরোধ এলে তা উপেক্ষা করতে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।