
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাই ওসমান আলী ওরফে সেগুনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) নগরের খুলশী থানাধীন ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও প্রাথমিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ওসমান আলীকে আটক করা হয়েছে।
সূত্র আরও জানায়, একসময় বাবলা ‘এইট মার্ডার’ মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধের জেরে তিনি আলাদা একটি গ্রুপ গড়ে তোলেন। এতে করে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়।
এক পর্যায়ে গুরু সাজ্জাদের আরেক সহযোগী ছোট সাজ্জাদ বাবলাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর বড় সাজ্জাদের নির্দেশনায় সরোয়ার বাবলাকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হয়। প্রতিবারই প্রাণে বেঁচে গেলেও শেষ পর্যন্ত ৫ নভেম্বরের হামলায় আর রক্ষা পাননি তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, পেছন থেকে পিস্তল ঠেকিয়ে একাধিক রাউন্ড গুলি চালানো হলে ঘটনাস্থলেই বাবলার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে আটক ওসমান আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।