প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম (ভিজিট : ৬২)

X
চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামক একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। আটককৃত কামাল হোসেন কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে ঢুকে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। একপর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন।
টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। তিনি বলেন, “সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন থেকে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা এড়াতে পরিচয়পত্র যাচাই এবং দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।