প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ৪৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ শেষ করেছে। এর অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।
নির্ধারিত সময় সকাল ১০টায় বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে সকাল ১১টার দিকে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে কেন্দ্র করে নগরের পাঁচটি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটকক্ষের প্রয়োজনীয় উপকরণসহ সব সামগ্রী বুঝে নেন।
এর আগেই জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো হয়েছে। ধাপে ধাপে পুরো জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।
নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন জানান, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকির আশঙ্কা দেখা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন, পরিবহন ব্যবস্থায় বাড়তি সতর্কতা এবং সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি জানান।
সব মিলিয়ে নির্বাচন ঘিরে চট্টগ্রামে প্রস্তুতির শেষ ধাপ সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়েই সফলভাবে সম্পন্ন হবে গণতন্ত্রের এই মহোৎসব এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।