প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম (ভিজিট : ১৮১)

X
ভোরের আলো ফুটতেই পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
উপজেলার শুইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সরেজমিনে দেখা যায়, সূর্য ওঠার আগেই নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে পড়েন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে আগ্রহ নিয়ে কেন্দ্রে আসেন তারা। দীর্ঘ সময় পর স্বাধীনভাবে ভোট দিতে পেরে অনেকের চোখেমুখে আনন্দের ছাপ দেখা গেছে।
খতবাড়ী গ্রামের প্রায় ৮০ বছর বয়সী ভোটার আবুল কাশেম বলেন, “এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট। তাই সকাল সকাল ভোট দিতে এসেছি। অনেক দিন পর ভোট দিতে পেরে ভালো লাগছে।”
শুইগ্রামের নারী ভোটার নার্গিস পারভীন বলেন, “আমরা এমন ভোটের পরিবেশই চাই। সকাল সকাল এসেছি, ভোট দিয়ে বাসায় গিয়ে রান্নার কাজ করব।”
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাছির হোসেন জানান, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি-ধামকি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ শেষ হবে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।