প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ পিএম (ভিজিট : ৬৩)

X
উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে এবার ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নির্বাচন উপলক্ষে প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চারস্তরের নিরাপত্তা বলয়ে কেন্দ্রগুলোকে ঘিরে রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আচরণবিধি তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রায় সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাঁচটি নির্বাচনী অনুসন্ধান (ইনকোয়ারি) টিমও কাজ করছে।
জেলায় ৯৩৫টি ভোটকেন্দ্রের মাধ্যমে ২৭ লাখ ৩৮ হাজার ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলায় ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন।