প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম (ভিজিট : ১৭৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের দশমিনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে নারী-পুরুষ, তরুণ-তরুণী, বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবন্ধীসহ নানা শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন।
ভোট দিতে আসা একাধিক ভোটার জানান, উৎসবের আমেজে ভোট দিতে পেরে তারা আনন্দিত। তারা বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারা সত্যিই স্বস্তিদায়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নতুন ভোটার বলেন, “এবারই প্রথম ভোট দিলাম। আমাদের পরিবার দীর্ঘদিন একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়ে এসেছে। তবে এবার সেই প্রতীক না থাকায় দলীয় সিদ্ধান্ত মেনে জোট প্রার্থীকে ভোট দিয়েছি। তারপরও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমরা চাই, জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করুন।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকাল থেকেই ভোটার উপস্থিতি সন্তোষজনক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে তারা আশা করছেন।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, ভোটগ্রহণ শুরু থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। সামগ্রিকভাবে দশমিনা উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে, যা ভোটারদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেছে।