প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ৩৭)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিনে উপজেলার প্রাণকেন্দ্র ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়, আগতেরিল্লা-পাছ তেরিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারই উচ্চ বিদ্যালয় ও নিকরাইল রানী দিনমণি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের চিত্র দেখা গেছে।
তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এবার ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে গড়ে প্রায় ৮ থেকে ১০ শতাংশ ভোট পড়েছে।
এদিকে কয়েকটি কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোট দিতে আসা এক নারী ভোটার বলেন, “আমি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছি। কোনো সমস্যা হয়নি।” তবে গণভোট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার তেমন ধারণা নেই।
তরুণ ভোটাররা জানান, আগের নির্বাচনের তুলনায় এবার ভোটগ্রহণ প্রক্রিয়া বেশি সুশৃঙ্খল ও আধুনিক। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই তারা ভোট দিতে পেরেছেন বলে জানান।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।