নোয়াখালীর সোনাইমুড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে সীল চুরি, হ্যাঁ ভোটে অগ্রিম সীল সহ নানা অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাপুর ইউনিয়নের আলী আকবর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে আবুল বাশারের ছেলে মাঈন উদ্দিন দেখেন তার ভোট পূর্বেই দেয়া আছে। তিনি অভিযোগ করে বলেন, এ বছর নতুন ভোটার হয়েছেন। কিন্তু, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি।
আমিশাপাড়া ইউনিয়নের ঈদগাহ আমিন বাজারের আইচাপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১২ টার দিকে দাঁড়িপাল্লার সমর্থকরা মহিলা বুথে জোর পূর্বক ভোট দিতে বাধ্য করায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রিজাইডিং অফিসার মো. শহীদুল ইসলাম জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৮শ ২৮ জন ভোটার রয়েছে। তার মধ্যে বেলা ১২ পর্যন্ত ১ হাজার ১শ ৫৭ টি ভোট কাস্ট হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সকালে বিএনপির সমর্থকরা হট্টগোল করলে তিনি সেনাবাহিনীকে অবিহিত করেন। কিন্তু, তারা আসেনি।
কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ সমর্থকেরা পুরুষ কেন্দ্রের হাতপাখার এজেন্টদের সকাল বেলায় বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়।
বারাহিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পূর্বে থেকেই হ্যাঁ ভোট দেয়ার অভিযোগ উঠেছে এক নারী পোলিং এজেন্টের বিরুদ্ধে। গতকাল রাতে বিসমিল্লাহ বই ঘরে স্বাক্ষরিত ব্যালট পেপার সংরক্ষণের অভিযোগ উঠে জামায়াত কর্মী মাকসুদ আলমের বিরুদ্ধে। পরবর্তীতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে সেখানে অবস্থা নিলে মাকসুদ আলম গা ঢাকা দেয়।
পদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা সোয়া ১২টা পর্যন্ত প্রায় ১ হাজার ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুন। নজরুল ইসলাম একাডেমি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, বিএনপি কর্মীরা সকাল বেলা হট্টগোল সৃষ্টি করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি পুরুষ ও ৪টি নারী বুথ রয়েছে। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ঐ কেন্দ্রে ১০৪১ টি ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসার মো. আলা উদ্দিন। কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিত অনেক বেশি।
দেওটি ইউনিয়নের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সীল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ভোটারদের অভিযোগ, দির্ঘ সময় ধরে তারা ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়ে অপেক্ষা করছেন। অনেকেই ভোট না দিয়েই বাড়ি ফিরে গেছেন। প্রিজাইডিং অফিসার রেজাউল কবির জানান, সকাল প্রায় ৯টায় ১টা এবং বেলা দেড়টায় ১টা সহ মোট ২টা সিল চুরি হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বিএনপির সমর্থকরা জামাতের সমর্থকদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়।
অন্যদিকে জয়াগ ভোট কেন্দ্র পরিদর্শনের সময় হাতপাখার প্রার্থী অভিযোগ করে বলেন, কোনো কোনো কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেনা। গতকাল (১১ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে তার নেতা-কর্মীদের লাঞ্চিত করা হয়েছে। তিনি মামলা করলেও কোনো সমাধা পাওয়া যায় নি। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারানিজের ভোটাধিকার প্রয়োগ করুন। কারো পেশি শাক্তিকে ভয় করবেন না।