প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম (ভিজিট : ১২৩)

X
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নির্বাচন শেষে রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী নাসের রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে তিনি রাজনগর উপজেলার দত্তগ্রামে গিয়ে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিষ্টি ও ফলমূল নিয়ে মান্নানের বাসায় উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে নাসের রহমান বলেন, আপনি নির্বাচনে থাকায় আমি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে পেরেছি। আমাদের দুজনেরই জয়ের প্রত্যাশা ছিল। জনগণ আমাদের দুজনকেই ভোট দিয়েছে। আপনার উপস্থিতির কারণে নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচনী সময়ে প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক কথা হয়েছে। এখন সেগুলো ভুলে গিয়ে মৌলভীবাজার সদর ও রাজনগরের রাজনৈতিক সম্প্রীতি গড়ে তুলতে চাই। মতভিন্নতা থাকলেও রাজনীতিতে সৌহার্দ্য ও সহনশীলতা থাকা উচিত।
অন্যদিকে মো. আব্দুল মান্নানও এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপির নেতা আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীন, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসের রহমান পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৫৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মান্নান পেয়েছেন ৭৭ হাজার ৬৩৬ ভোট। এছাড়া খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলাল পেয়েছেন ৪ হাজার ৬২৪ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী জহর লাল দাও পেয়েছেন ১ হাজার ৭০৪ ভোট।
স্থানীয়রা জানান, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরবর্তীতে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সৌজন্য বজায় রাখাই গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। তাদের মতে, নাসের রহমানের এই উদ্যোগ রাজনগরে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।