প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম (ভিজিট : ২১০)

X
গুম হওয়া পরিবারের একজন সদস্যকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এই দাবিতে সামনে এসেছে নুসরাত জাহান লাবনী। তিনি গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সহসভাপতি ও শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা মাজহারুল ইসলাম রাসেলের বোন।
পোস্টগুলোতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে গুম হওয়া পরিবারের সদস্যরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাদের কষ্ট ও ত্যাগের স্বীকৃতি হিসেবে একজন প্রতিনিধিকে সংসদে পাঠানো প্রয়োজন। এতে গুম পরিবারের দুর্ভোগ সরাসরি জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ এটিকে ন্যায়সঙ্গত দাবি হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক প্রক্রিয়ার ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
গুম হওয়া রাসেলের বড় ভাই ও যুবদল নেতা মশিউর রহমান লোটাস বলেন, “আমাদের ভাইয়ের কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। একটি পরিবার হিসেবে আমরা শুধু বিচার নয়, রাষ্ট্রীয় স্বীকৃতিও চাই। যদি গুম পরিবারের একজন সদস্য সংসদে প্রতিনিধিত্ব পান, তাহলে আমাদের কষ্ট জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।” তিনি আরও বলেন, সংসদে প্রতিনিধিত্ব পেলে গুম পরিবারের বাস্তব অভিজ্ঞতা ও দাবি নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো সহজ হবে।
নুসরাত জাহান লাবনী বলেন, “আমার ভাই মাজহারুল ইসলাম রাসেল গুম হওয়ার পর থেকে আমাদের পরিবার গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আজও আমরা জানি না তিনি কোথায় বা কেমন আছেন। এই দীর্ঘ প্রতীক্ষা আমাদের জন্য অসহনীয় মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। গুম পরিবারের একজন সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব পেলে আমাদের মতো অসংখ্য পরিবারের না বলা কথা জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।”
অনেকে মনে করছেন, এটি শুধু একটি ব্যক্তিগত দাবি নয়, বরং গুম হওয়া পরিবারগুলোর দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন।