প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম (ভিজিট : ৪১)

X
রাউজানে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন চট্টগ্রাম বাস শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এমদাদুল হক কোম্পানি।
চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে ১ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের রাউজান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক কোম্পানি।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, মেয়াদোত্তীর্ণ কমিটি নিরীহ শ্রমিকদের জমানো লাখ লাখ টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছে। যারা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের ‘বিএনপি-জামায়াত’ তকমা দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসররা নানা ভাবে হয়রানি করেছে। অনেককে শারীরিক নির্যাতন করে বাড়িঘর ছাড়া করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরশাসনের আমলে আওয়ামীপন্থীরা শ্রমিক সংগঠনটি দখলে রেখে এখনো শ্রমিকদের জমাকৃত অর্থ নিজেদের ইচ্ছেমতো খরচ দেখাচ্ছে। সমিতির অডিট রিপোর্টে দুর্নীতি ও অনিয়মের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছরের অক্টোবর মাসে কমিটির মেয়াদ শেষ হলেও বর্তমান দখলদার কমিটি দায়িত্ব ছাড়ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. এনামুল হক, সৈয়্যদ মিয়া, মো. হাবীব, বেদার মিয়া, মো. বাঁচা, ঈসা চৌধুরী, মো. আবু, মো. শুক্কুর, মো. মান্নান, বাবুল, সেলিম, আব্দুল মান্নান, অনাদী বড়ুয়া, কাজল দাশ, রাশেদ, মফিজ, মোহন বাবু, শুরা মিয়া, তপন দে, কামাল উদ্দিন, আইয়ুব ও নূর মিয়া প্রমুখ।