প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম (ভিজিট : ৩২৯)

X
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুর রহমান হাবিব-এর নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দাশুড়িয়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার।
সভায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে সাম্প্রতিক নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন না হওয়ার বিভিন্ন কারণ উঠে আসে। বক্তারা সাংগঠনিক দুর্বলতা, সমন্বয়ের অভাব, তৃণমূল পর্যায়ে যোগাযোগের ঘাটতি এবং প্রচারণা কৌশলের সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
এছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে রাজনীতি পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ বলেন, দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ বিভেদ নিরসন এবং তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমেই আগামী দিনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান-এর হাতকে আরও শক্তিশালী করতে দলের নেতৃত্ব মেনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কোনো দল বা গোষ্ঠীর উস্কানিতে কান না দেওয়ারও অনুরোধ জানানো হয় সভায়।
সভা সঞ্চালনা করেন পাবনা-৪ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন।