প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ১০২)

X
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়াল্টন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এই দলীয় পতাকা উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কার্যালয়ে কে বা কারা এসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা টানিয়ে যায়। পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত বলে জানান।
পতাকা উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী এ বিষয়ে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেক্ষেত্রে এই বিষয়টা প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।