প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম (ভিজিট : ৪০০)

X
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকায় নিতাই বাওয়ালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে এবং হাত-পা বেঁধে রাখে। ডাকাতরা ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং আনুমানিক ৫০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নেয়।
ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীরা কোনোভাবে নিজেদের বাঁধন খুলে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”