
নরসিংদী বেলাবোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে দৃষ্টিপ্রতিবন্ধী বসতঘর পুড়ে গেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কান্দাপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ হামিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর পৌনে ১ টার দিকে দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ হামিদ মিয়ার বসত ঘরে রান্না করার জন্য রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,নগদ টাকা-পয়সা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের আনে । তবে ততক্ষণে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার দুটির দাবি, আগুনে তাদের প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল বলেন, হোসেন নগর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ হামিদের বসত ঘরের রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আগুনে আসবাবপত্রসহ তার বসতঘর পুড়ে গেছে।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, আমি আপনাদের মাধ্যমে মাত্র খবর পেলাম। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।