প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম (ভিজিট : ১২৮)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ আহমেদ আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তাঁর সহকর্মী মহসিন জানান, গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের মালিকানাধীন একটি ভবনের নির্মাণকাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের ছাদের সেন্টারিং (কাঠ–বাঁশ) খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন শেখ আহমেদ।
মহসিন আরও বলেন, “আমি পাশের কক্ষে কাজ করছিলাম। কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে এসে দেখি তিনি উপুড় হয়ে পড়ে আছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয়দের দাবি, নির্মাণস্থলে বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। তারা ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।