
চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে ভোররাতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সাংসদ সাঈদ আল নোমান তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।
বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াত হোসেনসহ তাঁর পরিবারের ৯ জন সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সংসদ সদস্য হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দগ্ধদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। আহতদের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করেন তিনি।
পরিদর্শনকালে সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন।