প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ৭৯)

X
মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ফলের দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায় এবং পণ্যের গুণগত মান পর্যালোচনা করেন।
অভিযানে দেখা যায়, অধিকাংশ দোকানে দৃশ্যমান মূল্য তালিকা টানানো নেই। তবে দুটি দোকানে নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না; বরং উৎসাহ দেওয়া হবে।
এ সময় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির পরিবেশ পরিদর্শন করা হয়। হোটেলটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতারি প্রস্তুত ও বিক্রি করায় মালিককে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অন্য ব্যবসায়ীদেরও খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত ও নিরাপদ খাদ্য সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।