প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৫৬৩)

X
নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসা এবারের মাদরাসা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পুরো উপজেলায় মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করলেও, এককভাবে এই মাদরাসা থেকেই উত্তীর্ণ হয়েছে ১৬ জন শিক্ষার্থী।
উপজেলা পর্যায়ের এই ফলাফলে দেখা যায়, চাটখিলের অন্যান্য সকল মাদরাসা মিলে যেখানে ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, সেখানে দারুল আরকাম দাখিল মাদরাসা একাই ১৬টি বৃত্তি ছিনিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যে চাটখিলজুড়ে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
মাদরাসা সংশ্লিষ্টরা জানান, নিয়মতান্ত্রিক পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই বিশাল সাফল্য সম্ভব হয়েছে। উপজেলার শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রাখতে মাদরাসাটি দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
এই গৌরবোজ্জ্বল অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসা নোয়াখালী জেলার মধ্যে দ্বীনি শিক্ষার অন্যতম বাতিঘর হিসেবে নিজেদের প্রমাণ করেছে।