প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম (ভিজিট : ১৮৫)

X
খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে মহেশখালীতে ২০০টি অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)। সোমবার (২ মার্চ) সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়।
লাইফ ফ্রান্স-এর অর্থায়নে আয়োজিত এই কার্যক্রমে প্রতিটি পরিবারকে মোট ৬৫ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্যাকেজে ছিল—চাল ৫০ কেজি, ডাল ২ কেজি, ভোজ্যতেল ৩ লিটার, লবণ ১ কেজি, ছোলা ২ কেজি, খেজুর ১ কেজি, চিনি ১ কেজি, আলু ৪ কেজি ও পেঁয়াজ ২ কেজি।
১৯৯০ সাল থেকে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে বিজিএস। তারই ধারাবাহিকতায় রমজানে খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফ ফ্রান্সের চারজন প্রতিনিধি, বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা, প্রোগ্রাম ম্যানেজার (SD & HA) খন্দকার হাবিবুল আরিফ, প্রোগ্রাম ম্যানেজার (MFP) জুবাইর সিদ্দিক, ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) সিরাজুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, স্থানীয় শাখা ব্যবস্থাপক রিগেন পালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাইদার বলেন, প্রতি রমজানে আমার এলাকার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর জন্য Life-France ও বিজিএস মাতারবাড়ী শাখাকে আমার ইউপি পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ । আপনাদের সহযোগিতার হাত চলমান রাখবেন এ প্রত্যাশা রাখি।
অনুষ্ঠানে বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা বলেন, সাধারণ ও অসহায় মানুষের পাশে সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যাবে। এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
দাতা সংস্থার প্রতিনিধিরাও আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন ।